আজ থেকে শুরু এশিয়া কাপের প্রস্তুতি, সিলেটে হবে নেদারল্যান্ডস সিরিজ
আসন্ন এশিয়া কাপ সামনে রেখে আজ বুধবার (৬ আগস্ট) থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। সকাল ৮টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করেন টাইগাররা।
এই প্রস্তুতি ক্যাম্প ১৫ আগস্ট পর্যন্ত চলবে। শুরুতে ফিটনেস ও স্কিল ট্রেনিং পরিচালনা করবেন দলের কন্ডিশনিং কোচ নাথান কেলি। এরপর কিছুদিন বিরতি নিয়ে ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় ধাপের ক্যাম্প।
এশিয়া কাপের আগে বাংলাদেশ দলকে আরেকটি আন্তর্জাতিক সিরিজে মাঠে নামানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।
নেদারল্যান্ডস দল ২৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে বলে নিশ্চিত করেছে বিসিবি। এই সিরিজ আয়োজনের পেছনে রয়েছে সিনিয়র ক্রিকেটার তাসকিন আহমেদ ও লিটন দাসের ইচ্ছা, যারা এশিয়া কাপের আগে আরও ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন।
এদিকে, বিসিবি এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। দলে রয়েছেন মোট ২৫ জন ক্রিকেটার। নেতৃত্বে আছেন লিটন দাস।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড (এশিয়া কাপ ২০২৫):
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

