দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
এর আগে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ড. ইউনূস। গত ১১ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দেশটি সফর করেন। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি।
সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট বিনিময় হয়। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা, জ্বালানি ও অবকাঠামো নির্মাণে সমন্বয়, গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, ব্যবসায়িক চেম্বারগুলোর পারস্পরিক সমঝোতা এবং প্রযুক্তি খাতে অংশীদারিত্ব।