রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করার আহ্বান তারেক রহমানের
প্রতিপক্ষের নানা শর্ত ও কৌশল মোকাবিলায় রাজনীতিকেই হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের উত্তরণের যাত্রা সহজ নয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের নিত্যনতুন শর্ত ও প্রস্তাবনা জনমনে প্রশ্ন সৃষ্টি করছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে ভেবেই ‘পলাতক স্বৈরাচার’ নানা ষড়যন্ত্রে লিপ্ত। পাশাপাশি কিছু পক্ষও বিএনপিকে ঠেকানোর রাজনীতি করছে।
নির্বাচনে পিআর পদ্ধতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এ পদ্ধতির জন্য উপযুক্ত নয়। ভিন্নমত থাকলেও রাজনৈতিক সৌন্দর্য বজায় রেখে সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
আগামী নির্বাচন ঘিরে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, পরিস্থিতি ঘোলাটে করে গণতন্ত্রের উত্তরণে বাধা দেওয়া যাবে না। গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন জায়গায় নেওয়া উচিত নয়, যেখান থেকে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ নিতে পারে।
একইসঙ্গে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন কামনা করে বলেন, ধর্মীয় পরিচয়কে পুঁজি করে যেন কেউ রাজনীতি না করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

