তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে, ব্যবস্থা হওয়া উচিত: দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৩১ অপরাহন, গাস্ট ২৫, ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী। সংগৃহীত ছবি

দুর্নীতি মামলা বা অভিযোগের তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা দুদকের আয়োজনে দিনব্যাপী গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দুদক কমিশনার বলেন,দুর্নীতি মামলা বা অভিযোগের তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে সরাসরি চাকরিচ্যুত করা হবে।

তিনি আরও জানান, সব অভিযোগের যাচাই-বাছাই করা হয়েছে এবং আজকের শুনানিতে অনেক অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এ ধরনের শুনানিতে সাধারণ মানুষ উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সরকারি দপ্তর অনুপস্থিতি ও ব্যবস্থা

গণশুনানিতে টাঙ্গাইল বিআরটিএ, পাসপোর্ট অফিসসহ কয়েকটি দপ্তর উপস্থিত হয়নি। তাদের শোকজ করা হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার।

Nagad

এর আগে সকালে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী। সভায় বক্তব্য দেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হুদা, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, দুদকের মহাপরিচালক মুহাম্মদ রেজাউল করিম ও মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দ্বিতীয় অধিবেশনে গণশুনানিতে জেলার বিভিন্ন বিষয়ে করা প্রায় দেড় শতাধিক অভিযোগ পর্যালোচনা করা হয়। এর মধ্যে প্রায় ৬৯টি অভিযোগের নিষ্পত্তি করা হয় এবং জটিলতা নিরসনে বিভিন্ন সরকারি দপ্তর ও পুলিশ বাহিনীকে তদন্তের নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলার সব উপজেলা থেকে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবাদাতা, সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।