ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল আপিল আদালত। শুক্রবার ঘোষিত রায়ে আদালত জানান, শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইপিএ) আইনের অপব্যবহার করেছে।
রায়ে বলা হয়, শুল্ক আরোপের এক্তিয়ার কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত। আইইপিএ আইনের অধীনে প্রেসিডেন্ট কোনো দেশের ওপর শুল্ক আরোপ বা প্রত্যাহার করতে পারেন, তবে এর প্রয়োগের শর্ত স্পষ্টভাবে আইনে উল্লেখ আছে। আদালতের মতে, ট্রাম্প সম্প্রতি যেসব দেশের ওপর অতিরিক্ত শুল্ক দিয়েছেন, সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই আইইপিএ আইন মানা হয়নি।
১১ বিচারকের বেঞ্চে ৭ জন ট্রাম্পের শুল্কনীতিকে ‘অবৈধ’ ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, আগামী ১৪ অক্টোবরের পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে রায় চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন ট্রাম্প।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আদালতের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ‘ধ্বংস হয়ে যাবে’। তিনি দাবি করেন, তার প্রশাসন কোনোভাবেই আইইপিএ আইনের অপব্যবহার করেনি এবং রায়কে চ্যালেঞ্জ জানানো হবে।
২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে আসীন হন ট্রাম্প। চলতি বছরের ২ এপ্রিল তিনি বিশ্বের অধিকাংশ দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপের ঘোষণা দেন। তার দাবি ছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা বাণিজ্য ঘাটতি ও ভারসাম্যহীনতা দূর করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি

