সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ প্রলোভন: সতর্ক করল বিএসইসি
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারকচক্র বিনিয়োগকারীদের লোভনীয় প্রস্তাব দিয়ে প্রতারণার চেষ্টা করছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে কয়েকটি ফেসবুক পৃষ্ঠা, ব্যক্তিগত পরিচিতি ও গ্রুপ পাওয়া গেছে, যেগুলো নিয়মিতভাবে পুঁজিবাজারে বিভিন্ন সিকিউরিটিজের মূল্য হ্রাস-বৃদ্ধি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব কার্যক্রম আইনবিরুদ্ধ।
কমিশনের প্রকাশিত তালিকায় রয়েছে— শখের শেয়ার বাজার, বিডি স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই), মোমিন ডিএসই, আশাকা রাসুল নোমানি, শেয়ার মার্কেট সাকসেস স্ট্র্যাটেজিস, বাজার বিশ্লেষণ, আশিকুর রহমান আশিক, আনিকা সারাহ (পরামর্শ ও সম্পদ ব্যবস্থাপনা), পাবলিক বিজনেস ক্লাব, পরিকল্পিত বিনিয়োগ ও ক্যালেব রাইট নামের পেজ ও গ্রুপ।
বিএসইসি জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (গবেষণা বিশ্লেষক) বিধিমালা, ২০১৩ অনুযায়ী কেবলমাত্র মার্চেন্ট ব্যাংকার, স্টক ডিলার বা ব্রোকার, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, বিনিয়োগ উপদেষ্টা এবং নিবন্ধিত গবেষণা প্রতিষ্ঠান বিনিয়োগ সংক্রান্ত গবেষণা বা মতামত দিতে পারে। উল্লেখিত পেজ বা গ্রুপের কেউই এ বিধিমালার আওতায় অনুমোদিত নয়।
বিনিয়োগকারীদের উদ্দেশে কমিশন বলেছে, নিজ নামে বিও হিসাব ছাড়া কোনো ধরনের লেনদেন করবেন না এবং অবৈধ চ্যানেলের প্রলোভনে পা দেবেন না। এছাড়া, প্রতারণামূলক কার্যক্রম বা অনিয়ম সংক্রান্ত তথ্য পাওয়া গেলে বিএসইসির বাজার গোয়েন্দা বিভাগকে [[email protected]] ই-মেইলে জানানোর অনুরোধ করা হয়েছে।

