কিরগিজস্তান থেকে দেশে ফিরলেন ১৮০ বাংলাদেশি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্, সেপ্টেম্বর ১০, ২০২৫

কিরগিজস্তান থেকে দেশে ফিরলেন ১৮০ বাংলাদেশি। সংগৃহীত ছবি

গার্মেন্টস, নির্মাণসহ বিভিন্ন খাতে ভালো বেতনের লোভ দেখিয়ে কিরগিজস্তানে পাঠানো হলেও সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা বাংলাদেশিদের জন্য বিমানবন্দরে অর্থ ও জরুরি সহায়তা প্রদান করা হয়েছে, যা পরিচালনা করেছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, বিদেশে বেশি বেতনের চাকরির লোভ দেখিয়ে এই মানুষগুলো কিরগিজস্তানে পাঠানো হয়েছিল। সেখানে অনেকেই কাজ পাননি, বেতন পাননি এবং নথিপত্রহীন হয়ে পড়েন। অনেকেই ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি তাদের পরিবারও মুক্তিপণ দিতে বাধ্য হয়।

ফেরত আসা একজন লালমনিরহাটের আদিতমারীর মো. শহীদুল ইসলাম জানান, ওয়েল্ডিংয়ের কাজের জন্য ২০২৪ সালের ৩ জুন বিশকেক গিয়েছি। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় সেখানে অনেকদিন বেতন ছাড়া কাজ করতে হয়েছে। পরে কিরগিজ কর্তৃপক্ষের কাছে ধরা দিয়েছি এবং তিন মাস জেল খেটেছি।

একইভাবে, শরীয়তপুরের সখীপুরের প্রিন্স মিয়া ও কুষ্টিয়ার মিরপুরের মো. মিলন আলী বিদেশে কাজের লোভ দেখিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন।

ফলে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ব্র্যাকের সমন্বয়ে ফেরত আসা নাগরিকদের পুনর্বাসন ও সহায়তা নিশ্চিত করা হয়েছে।

Nagad