মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আরও ৬ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ধারাবাহিক প্রবাহ বজায় রাখতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার সংগ্রহ করছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে রোববার (২১ ডিসেম্বর) চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রায় ৬ কোটি মার্কিন ডলার কেনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতিতে এই ডলার কেনা হয়। এ সময় প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। নিলামে কাট-অফ রেটও নির্ধারিত হয় ১২২ টাকা ৩০ পয়সা।
এর আগে গত ১৭ ডিসেম্বর সাতটি ব্যাংক থেকে মোট প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। সেদিনও প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার ও কাট-অফ রেট ছিল ১২২ টাকা ৩০ পয়সা। পাশাপাশি ১৫ ডিসেম্বর ১৩টি ব্যাংক থেকে প্রায় ১৪ কোটি ১৫ লাখ ডলার কেনা হয়, যেখানে ডলারের দর ছিল ১২২ টাকা ২৯ পয়সা থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে।
সব মিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২৯৩ কোটি ১৫ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে। গত ১৩ জুলাই থেকে এই নিলাম প্রক্রিয়ায় ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রোববার চারটি ব্যাংক থেকে প্রায় ৬ কোটি ডলার কেনা হয়েছে। তিনি বলেন, ডলার কেনার এই উদ্যোগ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

