একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ অপরাহন, december ২২, ২০২৫

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত। সংগৃহীত ছবি

একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

এর ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ওপর শেয়ারহোল্ডার ও উদ্যোক্তাদের মালিকানা ও নিয়ন্ত্রণের সম্পূর্ণ অবসান ঘটলো। একইসঙ্গে একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংকগুলোর সম্পদ ও দায় (অ্যাসেট-লাইবিলিটি) হস্তান্তরে আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা রইলো না।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, একীভূতকরণ কার্যক্রমের অংশ হিসেবে এরই মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। শিগগিরই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্পদ ও দায় হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়। সে সময় বাংলাদেশ ব্যাংক জানায়, একীভূত হওয়া ব্যাংকগুলোর শেয়ারমূল্য শূন্য ঘোষণা করা হবে। তবে পুঁজিবাজারে বিনিয়োগ করা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে তখন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল।

Nagad