ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের এআই নয়েজ ক্যানসেলিং প্রযুক্তি
ঢাকার ব্যস্ত সড়কে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় গাড়ির হর্ন, মানুষের কোলাহল কিংবা বাতাসের তীব্র শব্দে কথোপকথন ব্যাহত হওয়া খুবই পরিচিত একটি সমস্যা। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতিতে সেই অভিজ্ঞতা এখন বদলাতে শুরু করেছে।
স্মার্টফোনে যুক্ত এআই নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ফোনে কথা বলার সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ শনাক্ত করে তা কমিয়ে দেয়। একই সঙ্গে ব্যবহারকারীর কণ্ঠস্বরকে আলাদা করে প্রাধান্য দেওয়ায় কোলাহলপূর্ণ পরিবেশেও ফোনের দুই প্রান্তে কথা অনেক বেশি স্পষ্টভাবে শোনা যায়।
এই প্রযুক্তি কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং নিয়মিত বাইরে চলাফেরা করেন—এমন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে কার্যকর। ব্যস্ত সড়কে দাঁড়িয়ে অফিসের জরুরি কল করা, যাতায়াতের সময় অনলাইন মিটিংয়ে অংশ নেওয়া কিংবা গুরুত্বপূর্ণ ফোনালাপ চালিয়ে যাওয়াও এখন আগের তুলনায় সহজ।
একসময় স্মার্টফোন কেনার ক্ষেত্রে প্রসেসরের গতি, ক্যামেরা কিংবা ব্যাটারির সক্ষমতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। এখন ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় এমন সব ফিচার যুক্ত হচ্ছে, যা বাস্তব ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করছে।
ভালো খবর হলো, এআই নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি এখন আর শুধু প্রিমিয়াম স্মার্টফোনে সীমাবদ্ধ নয়। বিভিন্ন নির্মাতা সাশ্রয়ী মূল্যের ডিভাইসেও এই সুবিধা যুক্ত করছে। উদাহরণ হিসেবে ইনফিনিক্সের নোট ৬০ সিরিজ এবং হট ৭০ মডেলে এআইভিত্তিক নয়েজ ক্যানসেলেশন সুবিধা রয়েছে, যা কোলাহলের মধ্যেও তুলনামূলক পরিষ্কারভাবে কথা বলতে সহায়তা করে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্মার্টফোনে নতুন ফিচার যুক্ত করার প্রতিযোগিতা এখন আর কেবল প্রসেসর, ক্যামেরা বা কাগুজে স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নেই। বরং এমন প্রযুক্তির দিকেই গুরুত্ব বাড়ছে, যা ব্যবহারকারীর প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও কার্যকর করে তোলে।

