যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম
যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর তাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়।
বিবিসি ও এএফপির খবরে বলা হয়, বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজা চার্লস অ্যান্ডি বার্নহামকে সরকার গঠনের আহ্বান জানান। বার্নহাম সেই আহ্বান গ্রহণ করেন এবং প্রচলিত সাংবিধানিক রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী ও ট্রেজারির ফার্স্ট লর্ড হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
কয়েক মাস ধরে জনপ্রিয়তা কমে যাওয়া এবং নিজ দলের অভ্যন্তরীণ চাপের মুখে গত জুনে পদত্যাগের ঘোষণা দেন বিদায়ী প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এরপর লেবার পার্টির এমপিদের সমর্থনে দলের নতুন নেতা নির্বাচিত হন অ্যান্ডি বার্নহাম।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় এসেছিল লেবার পার্টি। কিয়ার স্টারমারের নেতৃত্বে সেই নির্বাচনে কনজারভেটিভ পার্টির টানা ১৪ বছরের শাসনের অবসান ঘটে। তবে ক্ষমতায় আসার দুই বছরের মধ্যেই নেতৃত্ব পরিবর্তনের মুখে পড়ে দলটি।
স্টারমারের শাসনামলে ইরান সংকট, ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মতো আন্তর্জাতিক ইস্যুতে তিনি প্রশংসিত হলেও, দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কল্যাণমূলক ভাতা কমানো এবং ব্যবসা খাতে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। স্থানীয় নির্বাচনেও লেবার পার্টির হতাশাজনক ফলাফল তার নেতৃত্বকে আরও চাপে ফেলে।
অ্যান্ডি বার্নহামের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ২০১৬ সালের পর যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন একটি অধ্যায় যুক্ত হলো। এর আগে ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

