সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন
সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তার জানাজা ও দাফনের স্থান-সময় এখনো নির্ধারণ করা হয়নি। পরিবারের সদস্যরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গাজী ফয়সাল ইসলাম।
এদিকে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ড. দীপু মনি। স্বামীর মৃত্যুর পর দীপু মনির প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, বুধবার (১৯ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন করা হবে।

