যুক্তরাষ্ট্র পরমাণু হামলা চালালে পাল্টা জবাব দেবে ইরান
যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা চালালে সমপর্যায়ের অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি এ হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ইরানে সম্ভাব্য মার্কিন পারমাণবিক হামলা নিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
মালেকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনো অপরিণামদর্শী পদক্ষেপের সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে এমন সিদ্ধান্ত বিশ্বকে বিপজ্জনক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ইরানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না-এমন প্রশ্নের জবাবে মালেকি বলেন, যুক্তরাষ্ট্র যে অস্ত্রই ব্যবহার করুক, ইরান তার পাল্টা জবাব সেভাবেই দেবে।
তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। বরং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে মালেকি বলেন, ইরানের হাতে একাধিক বিকল্প রয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপের জবাব সমপর্যায়ের কিংবা তার চেয়েও বেশি মাত্রায় দেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, তেহরান এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই; বরং সক্রিয় ও আক্রমণাত্মক প্রতিরোধ নীতিতে চলে গেছে। ইরানের অনেক অস্ত্র ও সামরিক সক্ষমতা এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে ইরানের পারমাণবিক শিল্পের অগ্রগতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুপক্ষ ইরানের পারমাণবিক শিল্প ধ্বংসের চেষ্টা করলেও দেশটি পারমাণবিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতির পথ থেকে সরে যাবে না।
এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির তুলনায় মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র অর্জনে বেশি আগ্রহী বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে।

