কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জন নিহতের সেই হোটেল মালিক গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্, গাস্ট ২৩, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হওয়ার ঘটনায় ‘শিখা ইন’ হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ছিলেন।

শনিবার কলকাতার বেহালা এলাকার ডায়মন্ড হারবার রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

গত মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। এতে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের কেউ চিকিৎসার জন্য, আবার কেউ অন্য কাজে কলকাতায় গিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় বীরেশ্বর মিত্রের দুটি ছোট হোটেল ছিল। একটি ‘শিখা ইন’ এবং অন্যটি ‘জাপন’। দুটি হোটেলই একই এলাকায় এবং মুখোমুখি অবস্থানে।

মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে ‘জাপন’ হোটেলের কর্মীরা উল্টো দিকের ‘শিখা ইন’-এ আগুন জ্বলতে দেখেন। এরপর হোটেলের কর্মী ইন্দ্রদেব পাসওয়ান মালিক বীরেশ্বর মিত্রকে ফোন করেন বলে জানা গেছে।

তবে তিনি ফোন ধরেননি। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। একপর্যায়ে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

Nagad

শেষ পর্যন্ত শনিবার পুলিশ অভিযান চালিয়ে বেহালার বাড়ি থেকে বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করে।

অগ্নিকাণ্ডের কারণ এবং হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম