১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা
৭৩তম মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে শনিবার ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫-এর মুকুট জেতেন জোহেইরি। সেই সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।
মডেলিং ও ফ্যাশন অঙ্গনে পরিচিত জোহেইরি একইসঙ্গে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবে কাজ করছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি মডেলিংয়েও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
গ্র্যান্ড ফিনালেতে ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি জোহেইরির মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
মিস ওয়ার্ল্ডের দায়িত্ব পাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে সংস্থাটির বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থাকবেন জোহেইরি। পাশাপাশি মিস ওয়ার্ল্ডের জনপ্রিয় ‘বিউটি উইথ আ পারপাস’ কর্মসূচির দূত হিসেবেও কাজ করবেন তিনি।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

