সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৬, ২০২৬

সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে শুরু হওয়া সচিব সভা শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্তত ৬১ জন সচিব অংশ নেন।

সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ সচিব ওই প্রস্তাব গ্রহণ করেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে দুদককে বলা হয়েছে বলে সভায় অংশ নেওয়া এক সচিব জানিয়েছেন।

সভা সূত্রে জানা গেছে, শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে এ-সংক্রান্ত চিঠি পাঠাবে দুদক। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। কমিটিগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়েও দুদকের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রশাসনে দুর্নীতির অভিযোগ ও এ নিয়ে জনমনে তৈরি হওয়া ধারণার বিষয়টি সচিব সভায় আলোচনা হয়। গত ১৩ সেপ্টেম্বর ভোলায় নির্বাচনি এলাকায় এক বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে মন্তব্য করেন। এরপর প্রশাসনে দুর্নীতির বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সভায় কোনো কোনো সচিব মত দেন, বর্তমান বাস্তবতায় প্রশাসনে দুর্নীতি নিয়ে মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।

Nagad

দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশ

সচিব সভায় সরকারি চাকরির শূন্যপদ দ্রুত পূরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি অফিসগুলোতে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সভা সূত্রে জানা গেছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সচিবদের এ বৈঠকটি মূলত অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাগিদ দেওয়ার জন্য করা হয়েছে। কীভাবে কাজের দক্ষতা আরও বাড়ানো যায় এবং কোন কাজ কীভাবে করতে হবে, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলো নিয়ে দপ্তরে সাধারণত কাঠামোবদ্ধভাবে আলোচনা হয়। তবে এ বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিদ্যুতের চলমান সমস্যা এবং পরদিন কী কী পদক্ষেপ নেওয়া যায়, কীভাবে সমস্যাগুলো মোকাবিলা করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সরাসরি নির্দেশনা দেওয়া।

মন্ত্রিপরিষদ সচিব জানান, অগ্রাধিকার প্রকল্পগুলোর বিষয়েও সভায় আলোচনা হয়েছে। প্রত্যেক সচিবকে নিজ নিজ জেলার দায়িত্বের বিষয়ে মাঠপর্যায়ে খোঁজ নিতে বলা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে কী ধরনের সমস্যা হচ্ছে, জনগণের সঙ্গে কথা বলে সেসব সমস্যা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় দক্ষতা এবং সংস্কারের উপাদানগুলো নিয়ে সংশ্লিষ্টদের কাজ করতে বলা হয়েছে। এসব বিষয়ে কাজ করে পরবর্তী সময়ে জানাতেও বলা হয়েছে, যাতে সবাই মিলে কাজের মান আরও উন্নত করতে পারেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাসের মাথায় প্রথমবারের মতো সচিবদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হলো। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়।