হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৯ অপরাহন, সেপ্টেম্বর ২১, ২০২৬

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০৫ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেট বিভাগের দুজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৪২৯ জন সন্দেহজনক এবং ৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩০ জন।

অন্যদিকে, সবচেয়ে কম সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে রংপুর বিভাগে। সেখানে ২৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং তারা সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৬২ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ১০১ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ৬৩ শিশুর মৃত্যু হয়েছে।

Nagad

এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৪৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৩৫ জন।