বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম কত
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা ও মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বাংলাদেশে নতুন করে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ অবস্থায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম কত—তা নিয়ে আগ্রহ রয়েছে অনেকের। আন্তর্জাতিক তেল সূচক ও দক্ষিণ-পূর্ব এশীয় বার্তা সংস্থাগুলোর সোমবার (২১ সেপ্টেম্বর) হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর খুচরা বাজারে প্রতি লিটার জ্বালানি তেলের দাম তুলে ধরা হলো।
ভারত
ভারতে রাজ্যভেদে জ্বালানি তেলের দামে পার্থক্য রয়েছে। রাজ্যভিত্তিক ভ্যাট ও শুল্কের ভিন্নতার কারণে বিভিন্ন শহরে দামের তারতম্য দেখা যায়।
পেট্রোলের দাম ১০২ দশমিক ১২ থেকে ১১৬ দশমিক ১৫ ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ থেকে ১৪৯ টাকা।
প্রিমিয়াম অকটেনের দাম ১১৫ দশমিক ৫০ থেকে ১২০ ভারতীয় রুপি, যা প্রায় ১৪৮ থেকে ১৫৪ টাকা।
ডিজেলের দাম ৯৫ দশমিক ২০ থেকে ১০৪ দশমিক ২৩ ভারতীয় রুপি, যা প্রায় ১২২ থেকে ১৩৪ টাকা।
পাকিস্তান
পাকিস্তানে সুপার বা প্রিমিয়াম ইউরো-৫ পেট্রোলের দাম প্রতি লিটার ৩৯০ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৩ টাকা।
অকটেনের দাম ৩৯৫ থেকে ৪০০ রুপি, যা প্রায় ১৭৫ থেকে ১৭৭ টাকা।
হালকা ডিজেলের দাম ৩০৪ রুপি বা প্রায় ১৩৪ টাকা ৬৭ পয়সা। আর হাইস্পিড ডিজেলের দাম ৪২৪ দশমিক ০৪ রুপি, যা প্রায় ১৮৮ টাকা।
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় ৯২ অকটেন পেট্রোলের দাম প্রতি লিটার ৩৯৯ শ্রীলঙ্কান রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৮ টাকা ২৪ পয়সা।
৯৫ অকটেনের দাম ৪৭৫ রুপি বা প্রায় ১৭৬ টাকা ৪৭ পয়সা।
ডিজেলের দাম ৩৮২ থেকে ৪৭৮ রুপি, যা প্রায় ১৪২ থেকে ১৭৮ টাকা।
নেপাল
নেপালে পেট্রোলের দাম প্রতি লিটার ১৯৭ থেকে ২০০ নেপালি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৮ টাকা।
অকটেনের দাম ২৯৫ রুপি বা প্রায় ২৩৬ টাকা।
ডিজেলের দাম ১৯৭ থেকে ২০০ রুপি, যা প্রায় ১৫৮ থেকে ১৬০ টাকা।
মিয়ানমার
মিয়ানমারে মানভেদে পেট্রোলের দাম প্রতি লিটার ৩ হাজার ৭১০ থেকে ৩ হাজার ৮১৫ কিয়াত, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৮ থেকে ২২৪ টাকা।
৯৫ অকটেনের দাম ৪ হাজার ৯২ কিয়াত বা প্রায় ২৪১ টাকা।
ডিজেলের দাম ৪ হাজার ৩৩১ কিয়াত, যা প্রায় ২৫৫ টাকা।
ভুটান
ভুটানে পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটার ৯৯ থেকে ১০৬ গুলট্রাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৭ থেকে ১৩৫ টাকা।
ডিজেলের দাম ১০৪ দশমিক ৩৮ থেকে ১০৮ দশমিক ৬২ গুলট্রাম, যা প্রায় ১৩৪ থেকে ১৪০ টাকা।
ভুটানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো জ্বালানি স্টেশনে ‘পেট্রোল’ ও ‘অকটেন’ নামে আলাদা দুটি পাম্প থাকে না। সেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূলত গ্যাসোলিন বা পেট্রোল এবং ডিজেল—এই দুই ধরনের জ্বালানি বিক্রি হয়।
আন্তর্জাতিক সূচক ও ভুটানের জ্বালানি স্টেশনগুলোর তথ্য অনুযায়ী, সেখানে অকটেন-৯৫ বা মোটর স্পিরিট (এমএস) হিসেবে পরিচিত জ্বালানিটিই মূলত প্রধান পেট্রোল হিসেবে ব্যবহৃত হয়।
তুলনায় বাংলাদেশের দাম
বাংলাদেশে বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা। প্রতিবেশী দেশগুলোর দাম তুলনা করলে দেখা যায়, দেশভেদে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এর পেছনে আন্তর্জাতিক বাজারদর ছাড়াও কর, শুল্ক, ভর্তুকি, মুদ্রার বিনিময় হার ও স্থানীয় মূল্য নির্ধারণব্যবস্থা ভূমিকা রাখে।
সূত্র: গ্লোবাল পেট্রোল প্রাইস, এনডিটিভি এবং সংশ্লিষ্ট দেশগুলোর জ্বালানি-সংক্রান্ত সরকারি ওয়েবসাইট।

