শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ খোলার প্রস্তাব ইরানের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪১ অপরাহন, সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে সাত দিনের একটি প্রস্তাব দিয়েছে ইরান।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সপ্তম দিনের শেষে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হবে।

আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও তার বৈঠক হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রস্তাবটি জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতে তৈরি। এতে সামরিক সংঘাত বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর সামরিক চাপ কমানোর মতো বিষয় রয়েছে। বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে তেহরান।

আরাঘচি বলেন, ওয়াশিংটন প্রস্তাবটি গ্রহণ করলে সাত দিনের সময় গণনা শুরু হবে। ওই সময়ের শেষে হরমুজ প্রণালি খুলে দিয়ে আলোচনা পুনরায় শুরুর কথা রয়েছে। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় আছে।

এর আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনের পার্শ্ববর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা হয়। হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুদ্ধের অবসান ওই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

Nagad

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। চলমান সংঘাতের মধ্যে এ নৌপথের নিরাপত্তা ও চলাচল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের প্রস্তাবটি বাস্তবায়িত হবে কি না, তা এখন ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে।