তালা ভেঙে শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি
শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কার্যালয়ের ভেতর থেকে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রে হাত দেওয়া হয়নি।
শনিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, ধানুকা এলাকার একটি ভাড়া বাসায় কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দাপ্তরিক কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয় তালাবদ্ধ করে চলে যান।
শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার জরুরি কাজে কার্যালয়ে এসে দরজার তালা ভাঙা দেখতে পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
পরে কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও মালামাল যাচাই করে দেখা যায়, চোরেরা একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। তবে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করা হয়নি।
কর্তৃপক্ষের ধারণা, দুই দিন কার্যালয় বন্ধ থাকার সুযোগে চোরেরা সেখানে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান ফোন করে কার্যালয়ের তালা ভাঙার বিষয়টি জানান। পরে সেখানে গিয়ে দেখা যায়, পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। কোনো নথিপত্র তছনছ করা হয়নি। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং পুলিশ অভিযোগ দিতে বলেছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

