নৌপথের যাত্রী ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্, অক্টোবর ১, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দেশের নৌপথে যাত্রী ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ১৯ পয়সা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল সই করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।

এ ছাড়া নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯’-এর ২৭ নম্বর বিধি অনুযায়ী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে। একই সঙ্গে নৌযানের ভাড়া সংক্রান্ত আগের সব আদেশ ও প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

Nagad

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্নির্ধারিত ভাড়া ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।