ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় রাষ্ট্রীয় অতিথি ভবনে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৭ অপরাহন, নভম্বর ১০, ২০২৬

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে রওনা হয়ে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের ভেতরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ইস্তাম্বুল বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ।

এরপর ভিভিআইপি মর্যাদায় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভেতরে থাকা রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

Nagad

আগামীকাল বুধবার (১১ নভেম্বর) জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।