শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি বিদ্যমান আইন ও দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছে ভারত।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশ থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার অংশ। দুই দেশের মধ্যকার আইনি কাঠামো ও প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারেই এর সুরাহা করা হবে।
তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন নিয়ে যে চিঠি বাংলাদেশ পাঠিয়েছে, সেটিও বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হবে এবং সেই অনুযায়ী বিষয়টি এগিয়ে নেওয়া হবে।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।
ভ্রমণ নথি ছাড়া শেখ হাসিনার প্রত্যর্পণ সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, সাধারণভাবে মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এটি একটি কারিগরি বিষয়।
গঙ্গার পানি বণ্টন ও তারেক রহমানের সফর
ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য দেখার আহ্বান জানান।
এ ছাড়া নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই।
ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপনের অভিযোগ
ব্রিফিংয়ে ঢাকায় অবস্থান করে চীনা নাগরিকদের তৈরি কিছু ভিডিওতে ঢাকাকে দিল্লি হিসেবে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়।
জবাবে রণধীর জয়সওয়াল ঘটনাটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, যেকোনো দেশের বিষয়ে এ ধরনের বিকৃত বা বিভ্রান্তিকর ছবি ও তথ্য তুলে ধরা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
বিদেশি কোনো ব্যক্তি বা শক্তি ঢাকাকে দিল্লি হিসেবে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করলে এ ধরনের মিথ্যা প্রচারণা তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন করে বলেও মন্তব্য করেন তিনি।
জয়সওয়াল বলেন, চীনের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে এ ধরনের উদ্বেগের বিষয়গুলো জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

