আ.লীগ সরকারের শেষ দশকে ঋণের বোঝা বেড়েছে ৩০০ শতাংশ
আওয়ামী লীগ সরকারের শেষ এক দশকে দেশের সামগ্রিক ঋণের বোঝা প্রায় ৩০০ শতাংশ বেড়েছে। ২০০৬-০৭ বা ২০০৭-০৮ অর্থবছর থেকে হিসাব করলে ঋণ বেড়েছে ৩২৩ শতাংশ। সরকারি ঋণ, সরকারের দেওয়া ঋণের গ্যারান্টি এবং বেসরকারি খাতের ঋণ মিলিয়ে এ হিসাব করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি জানান, সব মিলিয়ে দেশের ঋণের পরিমাণ ১১৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুন নাগাদ সরকারি ঋণ ও সরকারের দেওয়া গ্যারান্টির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৯০ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব ভবনে রাজস্ব সংস্কারবিষয়ক টাস্কফোর্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা।
ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ তুলে ধরে তিনি বলেন, এ খাতে সরকারের ব্যয় হয়েছে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। কোনো কোনো হিসাব অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ এ ব্যয় বেড়ে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
একদিকে রাজস্ব আদায় কমছে, অন্যদিকে ঋণের বোঝা বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি।
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৩৫ দশমিক ৭২ শতাংশ
দেশের ব্যাংক খাতের অনিয়ম ও দুরবস্থার চিত্র তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আগে খেলাপি ঋণের হার ১১ শতাংশ দেখানো হতো। কিন্তু ফরেনসিক অডিটে তা ৩৫ দশমিক ৭২ শতাংশ পাওয়া গেছে।
ব্যাংক খাত থেকে লুট হওয়া অর্থ উদ্ধারে প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, অর্থনীতির বিভিন্ন খাতে লুটপাটের ব্যাপক প্রভাব পড়েছে। আগের সরকার অর্থনীতিকে কার্যত আইসিইউতে রেখে গেছে।
ডিসেম্বর থেকে নিয়মিত প্রকাশ হবে রাজস্ব আদায়ের তথ্য
চলতি অর্থবছরের সাড়ে চার মাস পেরিয়ে গেলেও প্রথম মাসের রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ না করায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থ উপদেষ্টা। কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রথম প্রান্তিকে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধির তথ্য পাওয়া গেছে বলেও জানান সাংবাদিকরা।
সরকার রাজস্ব আদায়ের তথ্য গোপন করছে কি না—এমন প্রশ্নের জবাবে তিতুমীর বলেন, তথ্য লুকানো হচ্ছে না। সরকার উন্মুক্ত তথ্যনীতি গ্রহণ করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান দিবসেও তথ্য উন্মুক্ত করার পদ্ধতি স্পষ্ট করা হয়েছে।
রাজস্ব আদায়ের তথ্য প্রকাশের নির্দিষ্ট সময় সম্পর্কে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে রাজস্ব আদায়ের পরিসংখ্যান পাওয়া যাবে। এরপর থেকে নিয়মিত তথ্য প্রকাশ করা হবে।
তথ্য প্রকাশে বিলম্বের কারণ হিসেবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা আইবাসের কারিগরি সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন তিনি। তাঁর ব্যাখ্যা, আইবাস থেকে প্রতিদিন তথ্য পাওয়া গেলেও তা প্রকাশের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।
আটকে আছে ১৮ হাজার কোটি টাকার ভ্যাট ফেরত
ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভ্যাট ফেরত না পাওয়ার বিষয়টিও বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে উঠে আসে। এক বছরের বেশি সময় ধরে কার্যত ভ্যাট ফেরত বন্ধ থাকায় প্রায় ১৮ হাজার কোটি টাকা আটকে রয়েছে।
গত বছর এনবিআর অনলাইনে ভ্যাট ফেরত কার্যক্রম চালু করলেও ব্যবসায়ীরা এখন পর্যন্ত প্রত্যাশিত সুফল পাননি।
ভ্যাট আইনে নির্ধারিত সময়ে কর পরিশোধ না করলে ২ শতাংশ সুদ দিতে হয়। সে হিসাবে সরকারের কাছে আটকে থাকা ভ্যাটের বিপরীতে ব্যবসায়ীরা ১৬ শতাংশ সুদ দাবি করছেন।
এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা নির্দিষ্ট সময়সীমা বা সমাধানের কথা জানাননি। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
রাজস্ব সংস্কারে তিন টাস্কফোর্স
রাজস্ব সংস্কারবিষয়ক বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে তিতুমীর বলেন, সভায় দুটি বিষয়ে সবাই একমত হয়েছেন। প্রথমত, করদাতাদের হয়রানি কমাতে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা ব্যবস্থা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা যাচাই করা হবে। দ্বিতীয়ত, ভ্যাট ব্যবস্থার ডিজিটালাইজেশন কতদূর এগিয়েছে, তা পর্যালোচনা করা হবে।
তিনি জানান, আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর—এই তিন খাত আলাদাভাবে পর্যালোচনার জন্য উইংভিত্তিক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এখন থেকে এসব উইংয়ের কার্যক্রম পৃথকভাবে পরিবীক্ষণ করা হবে। বড় করদাতাদের পাশাপাশি ক্ষুদ্র করদাতাদের বক্তব্যও শোনা হবে।

