বকেয়া বেতন-জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন সেই শরীফ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৮ অপরাহন, নভম্বর ১০, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চাকরি ফিরে পেয়েছেন। চাকরি থেকে তাঁর অপসারণের আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনর্বহাল করেছে দুদক। একই সঙ্গে বিধি অনুযায়ী তাঁর জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী তাঁকে অপসারণ করা হয়েছিল।

এর আগে শরীফ উদ্দিন দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনকালে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।

তাঁর চাকরিচ্যুতির ঘটনা সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর প্রতিবাদে দুদকের কর্মকর্তা-কর্মচারীরাও মানববন্ধন করেন।

চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।

Nagad

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরে তা প্রত্যাহারের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত লিভ টু আপিলটি না চালানোর কারণে খারিজ করে দেন।

এরপর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের আদেশ জারি করল দুদক। ফলে অপসারণের প্রায় সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন তিনি। একই সঙ্গে তাঁর জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা পাওয়ার পথও খুলল।