সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী, হামলাকারীর পরিচয়ও মিলেছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর হাত কেটে গেছে। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। হামলার সময় হাসিবের সঙ্গে অটোরিকশায় থাকা তরুণী তাঁর স্ত্রী বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালা। একই তথ্য জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস।
প্রীতম দাস বলেন, হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে কুমিল্লার দিকে যাচ্ছেন। সেখান থেকে তিনি আবার শ্রীমঙ্গলে আসবেন। তিনি এলে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। তাঁর সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী।
এদিকে পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলে পুলিশ জানিয়েছে।
হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুপুরে রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবকে উদ্দেশ করে গালাগাল করেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে হঠাৎ চাপাতি নিয়ে হাসিবের ওপর হামলা চালান তিনি। হামলার সময় হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান।
রিসোর্টটির ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন বলেন, তিন দিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে নিয়ে হাসিব রিসোর্টে ওঠেন। মঙ্গলবার তাঁদের রিসোর্ট ছাড়ার কথা ছিল। এর মধ্যেই হামলার ঘটনা ঘটে।
বালিশিরা রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিন দিন আগে হাসিব রিসোর্টে ওঠেন। সঙ্গে থাকা তরুণীকে তিনি নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার চেকআউট করে হাসিব ও ওই তরুণী রিসোর্ট থেকে অটোরিকশায় করে বের হন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
ওই কর্মচারী জানান, হামলার পর হাসিব দৌড়ে রিসোর্টে ফিরে আসেন। তখন তাঁর বাঁ হাতের বেশ কিছু অংশ কেটে যাওয়ার বিষয়টি দেখা যায়। রিসোর্টের কর্মীরা ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধ করেন। কিছুক্ষণ পর হাসিব ও তাঁর সঙ্গে থাকা নারী অটোরিকশায় করে রেলস্টেশনের দিকে চলে যান। এরপর তাঁরা কোথায় গেছেন, তা জানা নেই বলে জানান ওই কর্মচারী।
হাসিব আল ইসলামের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, হামলার খবর পেয়ে রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। হামলার পর হাসিব রিসোর্ট থেকে চলে গেছেন বলে পুলিশ জানতে পেরেছে। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে।
হামলার বিষয়ে জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান বলেন, চাপাতির কোপে হাসিবের হাতে জখম হয়েছে। তবে তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের এমন সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ ধরনের তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ কামাল পাশা বলেন, তিনি রিসোর্টে থাকেন না। ব্যবস্থাপক রিসোর্টের সার্বিক বিষয় দেখভাল করেন। হামলার পর খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, গত রবিবার স্ত্রীকে নিয়ে হাসিব রিসোর্টে উঠেছিলেন এবং মঙ্গলবার তাঁদের চলে যাওয়ার কথা ছিল। রিসোর্ট থেকে বের হওয়ার পথেই হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, হামলার খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য ও ডিবি পুলিশ রিসোর্টে গেছেন। তাঁরা ঘটনার তদন্ত করছেন। খবর বাংলা ট্রিবিউনের

