‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, পুরোনো স্মৃতি মনে করে কাঁদালেন কাবিলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্, নভম্বর ১১, ২০২৬

দীর্ঘ নয় বছরের পথচলা। হাসি, আনন্দ, অভিমান আর অসংখ্য স্মৃতিতে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। সময়ের সঙ্গে নাটকটির চরিত্রগুলোও হয়ে উঠেছিল দর্শকের আপনজন। অবশেষে শেষ হয়েছে ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিং। আর এই বিদায়বেলায় পুরোনো দিনের স্মৃতিচারণ করে আবেগঘন এক পোস্ট দিয়েছেন নাটকটির জনপ্রিয় চরিত্র কাবিলা ওরফে অভিনেতা জিয়াউল হক পলাশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুরুর দিনগুলোর স্মৃতিতে ফিরে যান পলাশ। রাজধানীর লালমাটিয়ার সেই চেনা রাস্তা, গাছতলা আর বিকেলের মুহূর্তগুলো যেন তাকে ফিরিয়ে নিয়ে যায় নয় বছর আগের সময়ে।

পোস্টে অভিনেতা পলাশ লিখেছেন, ‘এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, এই গাছতলা, এই চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত!’

শুরুর দিনগুলোর কথা স্মরণ করে পলাশ লেখেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’র যাত্রা তখন শুরু কেবল। তারপর দিন গেল, বছর গেল। ঋতু বদলাল, মানুষ বদলাল, চারপাশের কত কিছু বদলে গেল। চোখের সামনে একটু একটু করে বড় হয়ে উঠল ব্যাচেলর পয়েন্ট। আর কখন যে তার সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেলাম, টেরই পেলাম না।

ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেতা লেখেন, ‘‘একটি গল্পের সঙ্গে কতটা জীবন জড়িয়ে যেতে পারে, ‘ব্যাচেলর পয়েন্ট’ তারই উদাহরণ। অসংখ্য সকাল, রাত, অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ—সব মিলিয়ে কখন যে নাটকটি তাঁর জীবনের অংশ হয়ে উঠেছে, তা বুঝতেই পারেননি।’’

নিজের আবেগ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এত স্মৃতি কোথায় রাখি? কোন বাক্যে ধরি এতগুলো বছর? কোন শব্দ দিয়ে বোঝাই, এই পথটুকু আমার কাছে কতখানি?’

Nagad

পোস্টের শেষাংশে বিদায়ের বেদনার পাশাপাশি ফুটে উঠেছে গভীর নস্টালজিয়া। অভিনেতার ভাষায়, ‘মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়। অথচ কোথাও একটা গাছতলা থেকে যায়। একটা রাস্তা থেকে যায়। কিছু মানুষের হাসির শব্দ বাতাসে মিশে থাকে।’

সবশেষে শুরুর দিনের সেই তরুণের স্মৃতি টেনে পলাশ লেখেন, ‘গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।’

প্রসঙ্গত, নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে ধারাবাহিকটি। বিশেষ করে কাবিলা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান জিয়াউল হক পলাশ। তার সংলাপ, অভিনয় ও চরিত্রের নানা বৈশিষ্ট্য দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করে।

দীর্ঘ নয় বছরের পথচলায় অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’।