১৮ দিনে তৈরি পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : বিজিএমইএ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২২ অপরাহন, নভম্বর ২২, ২০২৬

সংগৃহীত ছবি

চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বিঘ্নের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি জরিপে দেখা গেছে, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে সংগঠনটির মাত্র ৩১৭টি সদস্য কারখানায় উৎপাদন ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বিজিএমইএ।

সংগঠনটি জানায়, একই সময়ে ক্রেতারা নিশ্চিত করা ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের বাজারমূল্য প্রায় ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

বিজিএমইএর হিসাবে, সরাসরি ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশই এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

রফতানি আদেশ ধরে রাখতে উদ্যোক্তাদের অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে বলেও জানিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় এবং ক্ষেত্রবিশেষে সরাসরি ক্রয়াদেশ বাতিলের মতো পরিস্থিতি।

বিজিএমইএ আরও জানায়, চলমান অস্থিতিশীলতার কারণে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে কারখানার স্বাভাবিক কার্যক্রম, শ্রমিকদের কর্মসংস্থান এবং দেশের সামগ্রিক রফতানি বাণিজ্যে।

Nagad