কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানালেন আসল কারণ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৫ অপরাহন, নভম্বর ২২, ২০২৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন। মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও ওমর সানী বাংলাদেশে রয়েছেন। এ নিয়ে বিচ্ছেদের নানা গুঞ্জন থাকলেও, তাদের আলাদা থাকার পেছনে রয়েছে পারিবারিক দায়িত্ব ও পারস্পরিক বোঝাপড়া।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। এরপর অসুস্থ মায়ের দেখাশোনা এবং মেয়ে ফাইজার পড়াশোনার কারণে দেশে ফেরা হয়নি তার। মৌসুমীর মা বয়সজনিত নানা সমস্যার পাশাপাশি স্মৃতিলোপজনিত রোগে ভুগছেন। তাই মায়ের পাশে থাকাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী।

অন্যদিকে, শাশুড়ির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মৌসুমীকে যুক্তরাষ্ট্রে থাকার পরামর্শ দিয়েছেন ওমর সানী। ২০২৬ সালের জানুয়ারিতে এক পডকাস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করলেও তা পাননি।

মেয়ে ফাইজার সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন মৌসুমী। ফাইজা সেখানে রূপচর্চাবিষয়ক বিষয়ে পড়াশোনা করছেন। তাদের ছেলে ফারদীন এহসান স্বাধীন রয়েছেন দুবাইয়ে। আর বাংলাদেশে পারিবারিক ব্যবসা, অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁর ব্যবসা দেখাশোনা করছেন ওমর সানী।

দূরে থাকলেও নিয়মিত ভিডিও কলে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন তারা। চলতি বছরের ৬ মে ওমর সানীর জন্মদিনে ভালোবাসার বার্তা পাঠান মৌসুমী। ৩ নভেম্বর স্ত্রীর জন্মদিনেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান ওমর সানী।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিয়ে করেন মৌসুমী ও ওমর সানী। দেড় বছর পর ২ আগস্ট হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। দীর্ঘ ৩১ বছরের দাম্পত্য জীবনে নানা গুঞ্জন ছড়ালেও তারা একসঙ্গেই রয়েছেন।

Nagad