রংপুর পূজা উদযাপন পরিষদের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
রংপুর মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সম্মেলনস্থলে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে সম্মেলনও পণ্ড হয়ে গেছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু। প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সাগর হালদারসহ ঢাকার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজ জীবন কুন্ডু।
সম্মেলনে ঢাকা থেকে আসা অতিথিরা আসন গ্রহণের পর একদল নেতাকর্মী অতর্কিতভাবে সম্মেলনস্থলে প্রবেশ করে ব্যানার ছিঁড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে বলে অভিযোগ উঠেছে। এ সময় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
এরপর জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতাদের ওপর হামলা ও মারধরের অভিযোগ ওঠে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে পুরো সম্মেলনস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। এ সময় তাকেও লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের সময় একটি পক্ষকে ‘লীগ ধর’ বলে স্লোগান দিতে শোনা যায়। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতা ও সাবেক সাবরেজিস্ট্রার রাম জীবন কুন্ডুর পাঞ্জাবি ছিঁড়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ রয়েছে।
প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ ও ভাঙচুরের পর দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলন পণ্ড হয়ে যায়। ঢাকা থেকে আসা পূজা উদযাপন পরিষদের নেতারা সম্মেলনস্থল ত্যাগ করেন।
পুলিশ কমিশনারের কাছে অভিযোগ
ঘটনার পর পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে রংপুরের সভাপতি রাম জীবন কুন্ডুসহ কয়েকজন নেতা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। সেখানে তারা পুলিশ কমিশনার মাহবুব রশীদের কাছে ঘটনার বিষয়ে অভিযোগ করেন।
নেতাদের অভিযোগ, সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নীরব ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা সম্মেলনে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সন্তোষ শর্মা সাংবাদিকদের বলেন, বিএনপি নেতা ডা. নিখিল, যুবদল নেতা নয়ন, লেলিন, মিলন ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতার নেতৃত্বে পরিকল্পিতভাবে সম্মেলনে হামলা চালিয়ে ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়েছে বলে তারা অভিযোগ করছেন।
তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি আইনগতসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার বিএনপি ও যুবদল নেতাদের
তবে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন যুবদলের মহানগর আহ্বায়ক মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন ও সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন।
তাদের দাবি, পূজা উদযাপন পরিষদের কমিটিতে আওয়ামী লীগের কয়েকজনকে পুনরায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ জানতে পেরে সাধারণ নেতাকর্মীরা সম্মেলনস্থলে গিয়ে বিষয়টি জানাতে চেয়েছিলেন। হামলা বা ভাঙচুরের সঙ্গে তারা কোনোভাবেই জড়িত ছিলেন না বলে দাবি করেন।
রংপুর মহানগর যুবদলের নেতা শ্রী বিপ্লবও অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক নেতাদের পুনর্বাসনের জন্য সম্মেলন আয়োজন করা হয়েছে। এ কারণে পূজা উদযাপন পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ করেছেন বলে দাবি করেন তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদ বলেন, কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পরও সম্মেলনস্থল ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

