ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে জুয়েলারি থেকে ‘১ হাজার ৮০০ ভরি স্বর্ণ’ লুট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৯ অপরাহন, নভম্বর ২৮, ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে প্রায় ১ হাজার ৮০০ ভরি স্বর্ণ লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক অমিত ঘোষ। এ ছাড়া রুপা ও হীরার গয়না মিলিয়ে মোট প্রায় ২ হাজার ভরি অলংকার লুট হয়েছে বলে জানিয়েছেন তিনি। দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েলার্সের মালিক ধানমন্ডি থানায় মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির একজন কর্মী রয়েছেন। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনো পলাতক। তাকে গ্রেপ্তারে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার পাঁচ দিন আগে জুয়েলার্স কর্তৃপক্ষ একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিল। তবে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়নি। ওই নিরাপত্তাকর্মীই চুরির ঘটনায় মূল ভূমিকা রেখেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

খাবারের সঙ্গে ওষুধ মেশানোর অভিযোগ

পুলিশের ধারণা, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা অন্য কোনো পদার্থ মিশিয়ে অচেতন করার পর চুরির ঘটনা ঘটানো হয়েছে। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার আগে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানো হয়েছিল। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ রয়েছে বলেও সন্দেহ করছে কর্তৃপক্ষ।

Nagad

পূরবী জুয়েলার্সের সিনিয়র বিক্রয় কর্মকর্তা সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিন নিরাপত্তাকর্মীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োজিত জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী। অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করছেন। ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ঘটনাস্থল থেকে সরঞ্জাম উদ্ধার

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, স্বর্ণ লুটের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। ইতোমধ্যে চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির একজন কর্মী রয়েছেন। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। অপরাধ তদন্ত বিভাগের একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সেখান থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি ও থানা পুলিশ।

অচেতন অবস্থায় নিরাপত্তাকর্মী উদ্ধার

খাবার খেয়ে অচেতন হয়ে পড়া প্রোপারটি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিং থেকে উদ্ধার করে পুলিশ। তিনি সেখানে একটি বেঞ্চে অর্ধচেতন অবস্থায় ছিলেন।

পুলিশকে আব্দুর রহিম জানান, নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাকে কলা খেতে দেন। ঘটনার সময় তারা পার্কিংয়ে দায়িত্ব পালন করছিলেন। সালাম তাকে জোড়া কলা দেন এবং সুপারভাইজার রিপনও কলা খান। কলা খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। এরপর কী ঘটেছে, তা আর মনে নেই বলে জানান তিনি।

মার্শাল সিকিউরিটি কোম্পানির আব্দুর রব জানান, তিনি শিফট অনুযায়ী রাতে ও দিনে দায়িত্ব পালন করেন। সকালে এসে স্বর্ণ লুটের বিষয়টি জানতে পারেন। মার্শাল সিকিউরিটি কোম্পানির সারোয়ার ও সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে। এ কোম্পানির নিজাম সরদার পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

খালি করে নেওয়া হয়েছে জুয়েলারি

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, প্রায় ২ হাজার ভরি গয়না খোয়া গেছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ বলেন, কয়েক বছর আগেও একই কৌশলে চুরির চেষ্টা করা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা। ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

জোবায়ের বলেন, এবার স্বর্ণের দোকান একেবারে খালি করে ফেলেছে দুর্বৃত্তরা। কোথাও কোনো স্বর্ণ রেখে যায়নি।