ঢাকায় বড় সমাবেশ করবে জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৪০ অপরাহন, মে ৩১, ২০২৫

স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর রাজধানীতে প্রথম বড় সমাবেশের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা আয়োজনের পরিকল্পনা করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘আগামী ২১ জুন দুপুর ২টায় জনসভার পরিকল্পনা রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানকে ভেন্যু হিসেবে নির্ধারণ করে ডিএমপিতে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে প্রস্তুতি চূড়ান্ত হবে।’

তিনি আরও জানান, সমাবেশে জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাধিকবার রাজধানীতে সমাবেশ করলেও জামায়াতে ইসলামীর বড় কোনো আয়োজন চোখে পড়েনি।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার পর জামায়াতের সিনিয়র নেতা এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পান। ওইদিনই শাহবাগ মোড়ে তাৎক্ষণিক সমাবেশে তাকে সংবর্ধনা জানায় দলটি।

Nagad