পদ্মা সেতু এলাকা তিন বাস-জিপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

মুন্সীগঞ্জ সংবাদদাতা:মুন্সীগঞ্জ সংবাদদাতা:
প্রকাশিত: ৪:২৮ অপরাহন, জুলই ১১, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একসঙ্গে তিনটি বাস, একটি জিপ, একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশার সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী ইমাত পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে বাসটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়, এরপর একে একে একটি জিপ ও দুটি বাসকে আঘাত করে। ধাক্কা খাওয়া ইলিশ পরিবহনের একটি বাস গিয়ে পড়ে একটি অটোরিকশার ওপর। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

একজন স্থানীয় অটোচালক বলেন, ‘প্রতিদিন এখানে অনেক লোকজন থাকে। আজ ভাগ্য ভালো, বেশি ভিড় ছিল না। না হলে বড় ধরনের প্রাণহানি ঘটতো।’

পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি এবং যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।

Nagad

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’