৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠের বিষয়ে ভাবছে সরকার: আসিফ মাহমুদ

কুমিল্লা সংবাদদাতা:কুমিল্লা সংবাদদাতা:
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্, জুলই ১২, ২০২৫

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করার চিন্তাভাবনা করছে সরকার। শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। এরইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তাবনা সরকারকে দিয়েছে। এখন আবারও নতুন করে আলোচনার প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে একটি যৌথ ঘোষণাপত্র পাঠের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি তখনই বাস্তবায়ন সম্ভব, যদি রাজনৈতিক দলগুলো এর ওপর ঐকমত্যে পৌঁছায়। আমরা আশা করছি, সব দলের সম্মতি পেলে আগামী ৫ আগস্ট এই ঘোষণাপত্র পাঠ করা যাবে।’

অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ, সাবেক সভাপতি মো. ইসমাইল, সাবেক সভাপতি কাজী নাজমুস সাদাতসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।