আটক বাংলাদেশিদের বিষয়ে তদন্তে একসঙ্গে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্, জুলই ১২, ২০২৫

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে আটক বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তদন্তে একসঙ্গে কাজ করবে ঢাকা ও কুয়ালালামপুর। শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এ বিষয়ে আলোচনা হয়।

সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশিদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তৌহিদ হোসেন সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও অনুসন্ধান ভিত্তিক তদন্তের জন্য মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে।

উত্তরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া, সম্মেলনের অন্যান্য বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামি, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গেও দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা।

শুক্রবার বিকেলে এআরএফ মন্ত্রী পর্যায়ের মূল বৈঠকে বক্তৃতা দেন তৌহিদ হোসেন। সেখানে তিনি রোহিঙ্গা সংকটের কারণে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করেন এবং বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান।

Nagad

তিনি বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় সদস্য দেশগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেন।