গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করতে চাই: নাহিদ ইসলাম
‘আমরা গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করতে চাই’—এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘যত বাধাই আসুক, যত হামলাই হোক—আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। গোপালগঞ্জে আমাদের পদযাত্রা চলবেই।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জের একজন নিরীহ সাধারণ মানুষও যেন হয়রানির শিকার না হন। কিন্তু যারা হামলায় জড়িত—তাদের কাউকেই ছাড়া দেওয়া যাবে না। প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘৫ আগস্টের পর গোপালগঞ্জ যেন ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। সারাদেশে যাদের নামে মামলা রয়েছে, যারা ফেরারি আসামি—তারা সবাই গোপালগঞ্জে অবস্থান করছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা সেখানে অবস্থান নিয়ে আমাদের ওপর পরিকল্পিত সশস্ত্র হামলা চালিয়েছে।’
গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কর্মসূচি চালানো যাবে না—এই ‘মিথ’ ভেঙে দিয়েছে এনসিপি, বলে দাবি করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি চ্যালেঞ্জ নিয়েছে—৩০ দিনের মধ্যে ৬৪ জেলায় যাবে, এবং আমরা সেই চ্যালেঞ্জ অবশ্যই পূরণ করব।’
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির ফরিদপুর জেলা প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা। সভায় আরও উপস্থিত ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

