নববধূর বিলাসী চাহিদা পূরণে চুরির পথে শিক্ষিত তরুণ
নববধূর বিলাসবহুল জীবনের শখ পূরণ করতে গিয়ে চুরির পথ বেছে নিতে বাধ্য হলেন এক বিবিএ পাস তরুণ। ভালো বেতনের চাকরি ছেড়ে শেষমেশ পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি ছিনতাইয়ের অভিযোগে।
গ্রেফতারকৃত তরুণের নাম তরুণ পারেক, তিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা। স্থানীয় এক প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় মাস খানেক আগে তার বিয়ে হয়। শুরুতে সংসার ভালোই চলছিল। কিন্তু নতুন স্ত্রী বিলাসী জীবনযাপন করতে চাওয়ায় ক্রমেই বেড়ে যায় ব্যয়। চাকরির আয় দিয়ে সবকিছু সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না পারেকের পক্ষে।
শেষমেশ স্ত্রীর শখ মেটাতে জয়পুরে এসে চুরির পথ বেছে নেন তিনি। সম্প্রতি ট্রান্সপোর্ট নগর এলাকায় এক নারীর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ তাকে শনাক্ত ও গ্রেফতার করে।
গ্রেপ্তারের পর পুলিশকে দেওয়া জবানবন্দিতে পারেক বলেন, স্ত্রীর চাহিদা মেটাতে না পেরে বাধ্য হয়ে এ পথ বেছে নিয়েছি। তার এমন স্বীকারোক্তিতে চমকে গেছেন অনেকেই।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি একাধিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

