ঢাকাকে বাঁচাতে ড্যাপ এখনই বাতিল করা জরুরি: স্থপতি ইনস্টিটিউট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহন, জুলই ২৭, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ‘ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২–২০৩৫’ এখনই বাতিল করে নতুন একটি জনবান্ধব পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। সংগঠনটি বলেছে, ঢাকাকে বাঁচাতে হলে এই ড্যাপ এখনই বাতিল করা জরুরি।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘জনবৈরী ড্যাপ, বৈষম্যপূর্ণ পরিকল্পনা: নিম্ন নাগরিক বাসযোগ্যতা ও বিপন্ন পরিবেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

চার দফা দাবির মূলপাঠ:

১. বর্তমান ড্যাপ বাতিল: ২০২২–২০৩৫ সময়কালের গেজেটভুক্ত ড্যাপ বাতিল করে স্ট্রাকচার প্ল্যান অনুযায়ী তিন ধাপভিত্তিক ভূমি পরিকল্পনা প্রণয়ন।
২. ডিজিটাল ভূমি পরিকল্পনা: রাজউক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আইনের যথাযথ বাস্তবায়নে সহজলভ্য ও আধুনিক ভূমি ব্যবহার মহাপরিকল্পনা প্রণয়ন।
৩. দুর্যোগ সহনীয় পরিকল্পনা: প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ বিবেচনায় নিয়ে মৌজাভিত্তিক ও হালনাগাদ ড্যাপ তৈরি ও প্রতি পাঁচ বছর অন্তর পর্যালোচনা।
৪. আন্তর্জাতিক মানসম্পন্ন পরিকল্পনা: গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বৃহত্তর ঢাকা নিয়ে জলবায়ু পরিবর্তন, এসডিজি, জিরো ইমিশনসহ আন্তর্জাতিক প্রতিশ্রুতি সমন্বিত পরিকল্পনা তৈরি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ। আরও উপস্থিত ছিলেন সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, সহসভাপতি স্থপতি খান মোহাম্মদ মাহফুজুল হক, স্থপতি নওয়াজীশ মাহবুব এবং সম্পাদক স্থপতি ওয়াহিদ আসিফ।

তাদের অভিযোগ, বর্তমান ড্যাপে জনস্বার্থ উপেক্ষিত হয়েছে এবং এটি নগরবাসীর জীবনে অসহনীয় বৈষম্য সৃষ্টি করছে। তারা জানান, বহুদিন ধরে রাজউকের সঙ্গে আলোচনা করেও কোনো অগ্রগতি হয়নি।

Nagad

শেষে বলা হয়, জনদুর্ভোগ এড়াতে, বাসযোগ্য ঢাকা গড়তে এবং নির্মাণ শিল্পে যুক্ত লক্ষ মানুষের স্বার্থ রক্ষায় আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। সচেতন ও ঐক্যবদ্ধ জনগণই পারে টেকসই, ন্যায্য ও সমৃদ্ধ ঢাকা গড়ে তুলতে।