রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে জাপান, যুক্তরাষ্ট্র, ইকুয়েডরসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার পূর্বে। এতে কামচাটকায় সর্বোচ্চ ৪ মিটার (১৩ ফুট) উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ এক ভিডিও বার্তায় বলেন, এটি অঞ্চলটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসকে আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী ওলেগ মেলনিকভ জানান, কিছু মানুষ আহত হলেও কারও অবস্থা গুরুতর নয়।
হাওয়াই অঙ্গরাজ্যের জন্য সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা। হাওয়াইয়ের হনোলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘জীবন ও সম্পত্তি রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়া উচিত। ধ্বংসাত্মক সুনামির ঢেউ আঘাত হানতে পারে।’
এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে এবং জাপানের উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, “নাগরিকদের উঁচু ও নিরাপদ স্থানে সরে যেতে হবে এবং সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।”

