একই দিনে কর্মসূচি, আশুলিয়ায় উত্তেজনা বিএনপি-এনসিপিকে ঘিরে
একই দিনে আশুলিয়ায় পৃথক কর্মসূচিতে শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি সমাবেশ এবং এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে।
আজ বুধবার বিকালে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা গেছে। উভয় দলই বড় আকারে সমাবেশ সফল করতে প্রস্তুতি নিয়েছে।
বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে দারুল ইহসান মাদ্রাসার মাঠে। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্র ও জেলা পর্যায়ের নেতারা।
অন্যদিকে, এনসিপি বিকেলে বাইপাইল থেকে পদযাত্রা শেষে সমাবেশ করবে। এতে অংশ নেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বিএনপি নেতারা বলছেন, এটি হবে দলের শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ উপলক্ষ। সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু জানান, এই সমাবেশে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে।
এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন জানান, পদযাত্রা ও সমাবেশ ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অন্যদিকে একই দিনে ও কাছাকাছি এলাকায় দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমরা আশা করি, উভয় দল শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে।’

