রায় জালিয়াতি মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতে খায়রুল হককে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৩ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিনই তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের আদেশে তিনি কারাগারে যান।
প্রসঙ্গত, ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এ বি এম খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে অবসর গ্রহণ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের শেষ সময় তিনি আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তবে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে খায়রুল হক রাজনৈতিকভাবে ব্যাপক সমালোচিত হন।

