অধ্যাপক যতীন সরকারের জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৫৬ অপরাহন, গাস্ট ১৩, ২০২৫

সংগৃহীত ছবি

বিশিষ্ট শিক্ষাবিদ, সাম্যবাদী তাত্ত্বিক ও লেখক অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) বিকেল পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

গত আড়াই মাস ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত জটিলতা ও দীর্ঘদিনের পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন তিনি। কয়েক মাস আগে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে।

১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্ম নেওয়া যতীন সরকার ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে তিনি দীর্ঘকাল যুক্ত ছিলেন। দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন। তার রচিত ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ বইটি ২০০৫ সালে প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার লাভ করে।

৪২ বছরের শিক্ষকতা জীবনের পর ২০০২ সালে অবসর নিয়ে স্ত্রীকে নিয়ে নিজ জেলা নেত্রকোনায় ফিরে আসেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর নেত্রকোনায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

Nagad