ভোলাগঞ্জে সেই সাদা পাথর লুটে জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সিলেট সংবাদদাতা:সিলেট সংবাদদাতা:
প্রকাশিত: ৫:০৫ অপরাহন, গাস্ট ১৩, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রে ব্যাপক লুটপাটের ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের নেতৃত্বে গঠিত এই কমিটিকে আগামী ১৭ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর দ্রুত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি পর্যালোচনায় জরুরি সভা আহ্বান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার এবং কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহার।

জেলা প্রশাসক জানান, সাদা পাথর ও জাফলংসহ বিভিন্ন পর্যটন এলাকায় বালু-পাথর উত্তোলন নিয়ে জরুরি সমন্বয় সভায় বিস্তারিত আলোচনা হবে। সেখানে সংশ্লিষ্ট প্রশাসনিক ও পরিবেশ বিশেষজ্ঞদের উপস্থিতিতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের আশা করা হচ্ছে।

গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই ভোলাগঞ্জে প্রকাশ্যে পাথর লুটের ঘটনা ঘটতে থাকে। সম্প্রতি বেপরোয়া উত্তোলনের ফলে সাদা পাথর প্রায় নিঃশেষ হয়ে পড়েছে। বিষয়টি সামাজিক ও প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে প্রশাসন। এ ঘটনায় সোমবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে দল।

Nagad