সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে সাজানো জঙ্গি নাটকের ঘটনায় সাত যুবক হত্যার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আসামিদের মধ্যে আরও রয়েছেন গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি।
প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করেন গাজী এমএইচ তামিম। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলামও উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ৮ অক্টোবর দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামি মতাদর্শে বিশ্বাসী সাতজন যুবককে আটক করে জয়দেবপুরের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। পরে সেটিকে ‘জঙ্গি আস্তানা’ হিসেবে সাজিয়ে অভিযানের নামে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন যাত্রাবাড়ীর মাদরাসা ছাত্র ১৯ বছর বয়সী ইবরাহীম।
পরে নিহত ইবরাহীমের বাবা ছেলেকে গুম ও হত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ করেন। তদন্তে এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মেলে। এর ভিত্তিতে আজ সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

