গোয়েন্দা এজেন্টের চরিত্রে শাকিব, নায়িকা তানজিন তিশা
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান নতুন একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন আগামী সেপ্টেম্বর থেকে। সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমার শুটিং হবে থাইল্যান্ড ও বাংলাদেশে।
সিনেমাটিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গণমাধ্যমের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ইতিমধ্যেই মৌখিকভাবে সব চূড়ান্ত হয়েছে, বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা।
গুঞ্জন উঠেছিল-সিনেমাটিতে শাকিব খান মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন। তবে সূত্র জানিয়েছে, সরাসরি কোনো সেনা কর্মকর্তার চরিত্রে নয়, বরং শাকিবকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক দক্ষ এজেন্টের ভূমিকায়। গল্পে থাকবে বাস্তব ঘটনার ছায়া, রাজনৈতিক প্রেক্ষাপট এবং টানটান উত্তেজনাপূর্ণ অ্যাকশন।
বিজ্ঞাপন ও টেলিভিশন নাটক নির্মাণে সুনাম কুড়ানো সাকিব ফাহাদের এটি হতে যাচ্ছে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে এবং চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি পাবে। সূত্র: এনটিভি অনলাইন