শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ, গায়ানার নারী আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটককৃত নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (শাহজালাল বিমানবন্দর) উপ-পরিচালক সেলিনা আক্তার জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে গায়ানার ওই নারীকে আটক করা হয়।
তিনি বলেন, কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেন বাংলাদেশে আসছে—এমন তথ্যের ভিত্তিতে আমরা সতর্ক হই। পরে ওই নারী অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার লাগেজে প্লাস্টিকের তিনটি বাক্স পাওয়া যায়। বাক্সগুলো খুলে দেখা যায়, ভেতরে ডিম্বাকৃতির ২২টি ফয়েল মোড়ানো কোকেন লুকানো ছিল।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮ দশমিক ৬ কেজি, যার বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। প্রাথমিক ইনভেন্টরি এবং পরীক্ষার সময় বিমানবন্দর থানার দুই এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক সেলিনা আক্তার আরও বলেন, পণ্যসহ যাত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস অ্যাক্টে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

