দেশি-বিদেশি কোম্পানি পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিএসইসির সিদ্ধান্তকে সাধুবাদ
ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) দেশি-বিদেশি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গৃহীত বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে ভালো কোম্পানি আসেনি। ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ হয়নি এবং বাজার স্থিতিশীল ও টেকসই হয়নি। তিনি আরও উল্লেখ করেন, বাজার উন্নয়নের জন্য ডিবিএ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও অংশীজনদের সঙ্গে যোগাযোগ, সেমিনার ও ডায়ালগ অনুষ্ঠানের মাধ্যমে পুঁজিবাজারে ভাল কোম্পানি তালিকাভুক্তির দাবি তুলে এসেছে।
সাইফুল ইসলাম বলেন, গৃহীত সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিকে অন্তর্ভুক্তির মাধ্যমে বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি পেয়েছে এবং পুঁজিবাজারকে শক্তিশালী ও সমৃদ্ধিশালী করার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ডিবিএ আশ্বাস দিয়েছে, পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে বিএসইসি কর্তৃক গৃহীত ইতিবাচক উদ্যোগ ও কার্যক্রমের বাস্তবায়নে তারা সর্বদা সহযোগিতা প্রদান করবে।