ফান্ডামেন্টাল এনালাইসিস ও বিনিয়োগ কৌশল নিয়ে ডিএসই’র প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
শেয়ারবাজারে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মৌলিক বিশ্লেষণ (ফান্ডামেন্টাল এনালাইসিস), বিনিয়োগ কৌশল ও আধুনিক টুলস সম্পর্কে ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন।
তিনি বলেন, পুঁজিবাজার অন্য যেকোনো পেশার মতো নয়। এখানে ভুল বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। বিনিয়োগের জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয় বিনিয়োগকারীদের কর্মক্ষেত্রে উন্নতিতে সহায়ক হবে। মূলত দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বিষয়গুলোর গুরুত্ব অপরিসীম।
বুধবার (৩ সেপ্টেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত চার দিনব্যাপী “ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস এন্ড টুলস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এ. কে. এম ফজলে রাব্বি। তিনি বলেন, ডিএসই সবসময় বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, আধুনিক ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তোলা।
২৫ আগস্ট থেকে শুরু হওয়া কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল মামুন হাসান, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের হেড অব ইক্যুইটি রিসার্চ তানি কুমার রয়, সিএফএ, শান্তা সিকিউরিটিজ লিমিটেড-এর হেড অব রিসার্চ স্ট্রাটেজিক প্ল্যানিং এস এম গালিবুর রহমান, সিএফএ এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের এ. কে. এম ফজলে রাব্বি।
প্রশিক্ষকরা ম্যাক্রো এনালাইসিস, কোম্পানি এনালাইসিস, ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক, ইন্ডাস্ট্রি এনালাইসিস এবং ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল মেথড ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

