মালয়েশিয়ায় ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম, অতিরিক্ত অবস্থানে তাৎক্ষণিক জরিমানা
মালয়েশিয়ায় বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এখন থেকে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অতিরিক্ত সময় অবস্থানকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানার বিধান কার্যকর হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জোহরের সেকোলা কেবাংসান রামবং পুলাইতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল। তিনি বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করা এবং মামলা আদালতে না নেওয়ার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, ৯০ দিনের বেশি অবস্থানকারীদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে।
নতুন জরিমানার কাঠামো:
১–৩০ দিন অতিরিক্ত অবস্থান: প্রতিদিন ৩০ রিঙ্গিত জরিমানা (সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত), ৩১–৬০ দিন: স্বয়ংক্রিয়ভাবে ১,০০০ রিঙ্গিত জরিমানা, ৬১–৯০ দিন: ২,০০০ রিঙ্গিত জরিমানা, ৯০ দিনের বেশি: তদন্ত পত্র খোলা হবে।
মন্ত্রী জানান, এই ব্যবস্থার ফলে বিচারের সময়কাল ১৪ দিন থেকে কমে এক দিনে নামিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে অভিবাসন ডিপোতে ভিড়ও কমবে। তবে দুর্ঘটনা, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের মতো যুক্তিসঙ্গত কারণে দেশে ফিরতে না পারা ভ্রমণকারীদের জন্য শিথিলতার সুযোগ রাখা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ তথ্যে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৩৫ হাজার ২২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ সময় দেশব্যাপী ৯ হাজার ৫০০টি অভিযান চালানো হয়, যেখানে ১ লাখ ৫২ হাজার বিদেশিকে চেক করা হয়। আটককৃতদের মধ্যে ইন্দোনেশীয়, মিয়ানমার ও বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি।
একই সময়ে ১ হাজার ৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে। এছাড়া, ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আটকাদেশ ও ফেরত পাঠানোর আদেশ পাওয়ার পর বিমানের টিকিট সংগ্রহের ১০ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

