পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করেছে সিআইসি
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় এই লকার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।
তিনি জানান, লকার নম্বর ১২৮ শেখ হাসিনার নামে নিবন্ধিত। লকারটির দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। তবে লকারের ভেতরে কী রয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
সিআইসির মহাপরিচালক বলেন, সাবেক প্রধানমন্ত্রীর নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে একটি লকারের সন্ধান পাওয়া গেছে। আজ সকালে আমাদের টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ ঘটনায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম নিয়েছে।

